চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ একদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এই তথ্য জানান।
এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ঘোষিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার। বুধবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

লিখিত দাবিতে বলা হয়, ‘আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু গত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীদের হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছে, একইসাথে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি।’
এতে আরো বলা হয়, ‘নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও দুইদিন বাড়ানো হলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সব শিক্ষার্থীদের জন্য তা ভাল হয়।’
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান আবদুল্লাহ আল নোমান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো দাবি জানিয়েছি।’

সে সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘চিঠি পেয়ে আমরা মিটিং করছি। সিদ্ধান্ত জানানো হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪৮৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৩৯১ জন। এছাড়াও ৯টি হল ও একটি হোস্টেল সংসদে ছেলে ৪৫২ এবং ৫টি মেয়েদের হলে ১৪৮ জন মনোনয়ন নেন।
সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ৩৫ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। এদিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু থেকে চলবে বিকাল ৪টা পর্যন্ত।


