চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন পাশের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন সিসিটিভি ফুটেজ দেখে জানান, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল বোগদাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি বিল্লাল হোসেনকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সেন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দুইটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি তারা ইচ্ছাকৃতভাবে করেছে। ঘটনার পরেই বাস দুটি রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে যান।’
নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভুঁইয়া বলেন, তার তিন সন্তান রয়েছে। বাড়ি থেকে প্রতিদিন হাসপাতালে এসে কাজ করতেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


