চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে পতেঙ্গা আউটার রিং রোড সংলগ্ন রানী রাসমণি ঘাটে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার মেয়র শাহাদাত হোসেনের নির্দেশনায় চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ এই অভিযান পরিচালনা করেন।
চসিক জানিয়েছে, স্থানীয় জেলেদের অনুরোধে চলতি ১৪৩৩ বঙ্গাব্দে রানী রাসমণি ঘাট ইজারা দেওয়া হয়নি। একই সঙ্গে ঘাট থেকে খাস আদায়ের দায়িত্বও কাউকে দেওয়া হয়নি। এরপরও একটি চক্র চসিকের নাম ব্যবহার করে ঘাটে অবৈধভাবে অর্থ আদায় ও কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছিল।
সম্প্রতি এ বিষয়ে স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা মানববন্ধন করার পর মেয়রের নির্দেশে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে নির্মিত একটি অস্থায়ী অফিসসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযোগ রয়েছে, এসব স্থাপনা ব্যবহার করে চক্রটি ঘাটের কার্যক্রম পরিচালনা এবং অর্থ আদায় করছিল। অভিযানকালে চসিকের নামে টানানো অবৈধ ব্যানার অপসারণ এবং দোকান নির্মাণের উদ্দেশ্যে গড়ে তোলা অবৈধ কাঠামো ভেঙে ফেলা হয়।
এ ছাড়া, ঘাট এলাকায় অবৈধভাবে দোকান নির্মাণের জন্য মজুত করা বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে প্রায় ২১৮টি বাঁশ, ২০টি ছোট টিনের শিট, ২০টি টিন, একটি টেবিল, চারটি চেয়ার এবং একটি ফ্যান।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন এই ঘাট কাউকে ইজারা দেয়নি। ফলে করপোরেশনের নাম ব্যবহার করে অর্থ আদায়ের কোনো বৈধতা নেই।’
তিনি জানান, ঘাটটির আইান অবস্থা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে ভবিষ্যতে ব্যবস্থাপনা সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে চসিক।


