নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে তাদের পরিচয় শনাক্ত করা হয়।
নিহতরা হলেন–সুখচর ইউনিয়নের মহি উদ্দিনের মো. আলাউদ্দিন (৪০), জাহাজমারা ইউনিয়নের মো. শামসুদ্দিন (কোপা শামসু) ছেলে মো. মোবারক হোসেন (২৩), সুমনা তোর উপজেলার জয়নাল আবেদীন ছেলে আবুল কাশেম (৬২), হাতিয়া পৌরসভার মৃত শাহী আলমের ছেলে হক সাব (৬০) এবং চানন্দী ইউনিয়নের মৃত সেকুর ছেলে কামাল উদ্দিন (৪০)।
নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত পাঁচজনের ময়নাতদন্ত বুধবার বিকালে শেষে হয়েছে। মৃতদেহগুলোর একটির মধ্যে গুলির চিহ্ন থাকলেও অন্য চারটিতে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে।
নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে হাতিয়া থানায় পাঠানো হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার এলাকায় আধিপত্য বিস্তার ও হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে জাগলার চর এলাকায় জলদস্যুদের দুটি সশস্ত্র গ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাঁচজন নিহত হন এবং গোলাগুলিতে আহত হন অনেকে।


