চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নেতার মৃত্যুর প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা।
বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারীরা। টানা সাড়ে ৫ ঘণ্টা অবরোধ করে রাখার পর প্রশাসনের আশ্বাসে বেলা ১১টা ২০ মিনিটের দিকে সড়ক থেকে সরে যান বিক্ষুব্ধরা।
মঙ্গলবার সন্ধ্যায় রাউজান উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বাস চাপায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী। তিনি রাউজান উপজেলার কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদ্রাসার সাবেক মুহতামিম।
সোহেল চৌধুরীকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে বলে দাবি করেন বিক্ষুব্ধরা। তারই প্রতিবাদে রাস্তায় গাছ ফেলে ও বাঁশ দিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
নিহত সোহেল চৌধুরী সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকায় বসবাস করছিলেন। দুর্ঘটনার পরপরই বাসচালক জানে আলমকে (৪০) আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
বুধবার সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, থানা ওসি, হেফাজতের স্থানীয় নেতাকর্মী ও রাঙ্গামাটি বাস মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। এ সময় নিহত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে মধ্যস্থতা হয়। এরপরই অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।


