চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ছয় মাসের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি কক্সবাজারে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, সোমবার রাতে শিশুটিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, হামের উপসর্গ নিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে এটি নিশ্চিতভাবে হাম ছিল কি না, তা এখনো বলা যাচ্ছে না। এ জন্য শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রামে সাতজনের শরীরে হাম এবং একজনের শরীরে রুবেলার সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ ছাড়া, হামের লক্ষণ নিয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে চারজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
অন্যদিকে, হামের লক্ষণ রয়েছে এমন ৭৫ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


