চট্টগ্রামের হাটহাজারী থেকে অজ্ঞাতনামা এক নারীর হাতবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, ওই নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। এদিন সকালে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওই নারীর বাম হাত বিচ্ছিন্ন ছিল। এ ছাড়া পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত ছিল।
স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় মারা যেতে পারেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধারের পর এখনো তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


