চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক চা-দোকানি নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শাহাদাত উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। তিনি রাস্তার মাথা এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিজ দোকানে অবস্থান করছিলেন শাহাদাত। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী হঠাৎ তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং বেধড়ক মারধর করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, রাতের ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। হামলার কারণ অনুসন্ধান করে আইনি নেওয়া হবে।


