চট্টগ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে দুর্বৃত্তদের গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে এ ঘটনা ঘটে।
নিহত রাজু চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাজু রাউজান থেকে রৌফাবাদ এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে শহীদ মিনার গলির মুখে পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এক শিশুও গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।আহত শিশু রেশমি আক্তার (১১) ওই এলাকার শহীদ মিনার গলির রিয়াজ আহমদের মেয়ে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানান তার ভাই ফয়সাল আহমদ।
তিনি বলেন, ‘রাজু আমাদের পরিচিত কেউ নয়। আমার বোন দোকানে যাচ্ছিল। অতর্কিত হামলায় সে আহত হয়েছে। এখন তাকে চমেক হাসপাতালের আইসিইউতে নেওয়ার চেষ্টা করছি।’
ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। প্রথমে অনেকে মনে করেছিলেন বাজি ফুটছে কিংবা বিদ্যুতের ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটেছে। পরে রক্তাক্ত অবস্থায় এক যুবক ও শিশুকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
নিহত রাজুর বোন জানান, তার ভাই কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না এবং তার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।
এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


