বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর ৩ নম্বর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলীর খোন্দকার পাড়া এলাকায় গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে।
মহানগর বিএনপির সহসভাপতি শওকত আজম খাজা জানান, গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দ্রুত নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।
স্থানীয় নেতারা জানিয়েছেন, মনোনয়ন পাওয়ার পর গণসংযোগে নামেন এরশাদ উল্লাহ। হঠাৎ দুর্বৃত্তরা গুলি চালালে তিনি আহত হন। তবে কারা হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক যুবক উপুড় হয়ে পড়ে আছেন, তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম সারওয়ার হোসেন বাবলা।
এভারকেয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ এরশাদ উল্লাহসহ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে সারওয়ারসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় কয়েকশ নেতাকর্মী হাসপাতালের সামনে জড়ো হয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি-ক্রাইম) রইস উদ্দীন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।’
এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চক্রান্ত হিসেবেই এ হামলা চালানো হয়েছে।’ তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান।
এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার দলটি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা করেন।


