বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে বাংলা বছর ১৪৩৩ স্বাগত জানাল চট্টগ্রামবাসী। নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে ছড়িয়ে দেয় উৎসবের আমেজ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে এটি কাজীর দেউড়ি ও লাভ লেন মোড় হয়ে ডিসি হিলে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বৈশাখের ঐতিহ্য তুলে ধরতে অংশগ্রহণকারীদের হাতে ছিল গ্রামীণ জীবনের প্রতীকী উপকরণ, মুখোশ ও বর্ণিল ব্যানার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তারা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


