রাজধানীর গেন্ডারিয়া ঘুন্ডিঘর এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গোলাম মোস্তফার ছেলে মো. ইউসুফ জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানার হাসাইল গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে থাকেন। তার বাবা অটোরিকশা চালক। সকালে রিকশা নিয়ে বাসা থেকে বের হন।
এরপর তারা জানতে পারেন, গ্যান্ডারিয়া এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন তার বাবা। পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেছে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানাকে অবগত করা হয়েছে।

