গুম ও খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দু’টি সংগঠন এই মতবিনিময় সভা আয়োজন করে।
সভায় আওয়ামী লীগ আমলে গুম ও খুনের শিকারদের পরিবারের সদস্যরা তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
পরে তারেক রহমান তার বক্তৃতায় বলেন, ফ্যাসিবাদী আমলে বিরোধী দল, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের উপর অমানুষিক নির্যাতন নেমে এসেছিল। এরপরেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। এই দলের কেউ কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করে থাকেনি।
ফ্যাসিবাদী আমলের সকল শহীদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে রাজধানীর রাস্তার নামকরণসহ বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই পরিকল্পনা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এসময় নির্বাচন কমিশনের কিছু কাজে বিতর্ক দেখা দিয়েছে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি ধৈর্য ধরে আছে।


