নিজের গাড়িবহর থামিয়ে রোগীর অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজারের প্রান্তে এমন ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে সকালে রওনা হয়ে এক্সপ্রেসওয়ের পথে কারওয়ানবাজারের কাছে পথ দিয়ে চলার সময়ে হঠাৎ প্রধানমন্ত্রী গাড়ির লুকিং গ্লাসে দেখেন, বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। অ্যাম্বুলেন্সটি সামনে এগোবে কি না তা নিয়ে দ্বিধায় রয়েছে। প্রধানমন্ত্রী এটা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেন, যেন দ্রুত অ্যাম্বুলন্সেটিকে সামনে যেতে দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলন্সটিকে যেতে পথ করে দেওয়া হয়।’
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এটি একটি বিরল দৃষ্টান্ত।’
প্রধানমন্ত্রীর এই উদ্যোগে অনেকে খুশি হয়েছেন। অনেকে বিভিন্ন মন্তব্যও করেছেন।
ব্যক্তিগত গাড়িতে ছিলেন এমন এক ব্যক্তি বলেন, ‘ওই সময়ে আমি প্রধানমন্ত্রীর বহরের পেছনে ছিলাম। হঠাৎ সব গাড়ি থেমে গেছে। ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা যখন অ্যাম্বুলেন্সটি এগিয়ে দিচ্ছিলেন তখন আমার মনটা খুশিতে ভরে উঠেছে। এটা একটা মানবিক দৃষ্টান্ত। সাধারণত সরকার ও রাষ্ট্র প্রধানরা যখন সড়ক পথ অতিক্রম করতেন তখন যানবাহন চলাচল করতে দেওয়া হতো না। জনগণকে দীর্ঘ সময় যানজটে দুর্ভোগ পোহাতে হতো। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই অবস্থা থেকে যাত্রী সাধারণরা মুক্ত হয়েছেন। আজকে একজন মুমূর্ষু রোগীকে বহনকারী অ্যাম্বুলন্সকে পথ করে দিয়ে আরেকটা উদাহরণ সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী।’
সাধারণ মানুষের প্রতি একজন সরকারপ্রধানের দায়িত্ববোধ এবং সহমর্মিতা এটি সবার জন্য শিক্ষণীয় বার্তা বলে মন্তব্য করেছেন অনেকে।


