গাজীপুরের শ্রীপুর উপজেলায় গজারি বনের পাশে আগুনে ঝলসানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর।
শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন চৌরাস্তা এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার–বরমী আঞ্চলিক সড়কের বৃন্দাবন চৌরাস্তা এলাকায় গজারি বনের পাশে পোড়া মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় শ্রীপুর থানা পুলিশ। আগুনে পুড়ে যাওয়ায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে নির্জন গজারি বনের পাশে এনে শুকনো পাতা ও খড়কুটো জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে তার শরীর আংশিকভাবে অঙ্গার হয়ে গেছে।
ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


