ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে প্রাথমিক মনোনয়ন বাতিল করে জনসম্পৃক্ত নেতাদের মধ্যে থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ‘আমরা ধানের শীষ পরিবার’ ব্যানারে উপজেলার বালুয়া হাটে দরবস্ত ও তালুককানুপুর ইউনিয়নের শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি মশাল মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় ঢাকা-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।
মশাল মিছিলে তারা স্লোগান দেয়, ‘১/১১ সংস্কারপন্থী মানি না, মানবো না। গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থীর ঠাই নাই।’ ‘গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে প্রার্থী পরিবর্তন চাই।’ ‘প্রার্থী পরিবর্তন চাই, দিতে হবে। ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে।’ ইত্যাদি
এতে নেতৃত্ব দেন উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফিরোজ কবির।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে কারা নির্যাতিত, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।


