গাইবান্ধার সাদুল্লাপুরে একটি পরিত্যক্ত চাতালের কক্ষে গোপনে ছয়টি ঘোড়া জবাইয়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে স্থানীয়রা। ঘোড়ার মাংস গরুর মাংসের সঙ্গে মিশিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে উপজেলার খোর্দ্দ রসুলপুর (মোংলা বন্দর) এলাকায় এই ঘটনা ঘটে।
আটকরা হলেন মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান। তাদের বাড়ি বিভিন্ন জেলায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানান, সকালে খোর্দ্দ রসুলপুর এলাকার মৃত ফজলু মাস্টারের ছেলে খাইরুল ইসলামের চাতালে গোপনে ছয়টি ঘোড়া জবাই করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা চাতালের টিনের বেড়া ভাঙচুর করলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ।
সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। পরিস্থিতি শান্ত করার পর ইউএনও মহোদয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।’
ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


