কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুইদিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট ৪ জন জেলেসহ চট্টগ্রামের সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গত ১৮ জুন বেলা ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে বোটটি ভাসতে থাকে। পরে শুক্রবার সকাল ৯টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড জানতে পারে।
কোস্ট গার্ডের তথ্যমতে, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলে নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ ওই এলাকায় একটি উদ্ধার অভিযান চালায়। অভিযানে বিকল হওয়া বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
উদ্ধার হওয়া ৪ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


