বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলা একাডেমি-র সম্মানিত ফেলো মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলা একাডেমি।
এক শোকবার্তায় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, চিত্রকলায় মুস্তাফা মনোয়ার যেমন নিজস্বতার স্বাক্ষর রেখেছেন, তেমনি পাপেটশিল্পের মাধ্যমে কয়েক প্রজন্মের শিশু-কিশোরের কাছে শিক্ষামূলক বিনোদন পৌঁছে দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন-সহ দেশের গণমাধ্যমের সৃজনশীল বিকাশে তার অবদান অবিস্মরণীয়।
শোকবার্তায় তিনি আরও বলেন, দীর্ঘ কর্মজীবনে মুস্তাফা মনোয়ার তার উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা, মেধা ও নিরলস সাধনার মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
বাংলা একাডেমির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুস্তাফা মনোয়ার মারা যান। তার মৃত্যুতে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


