গণভোট নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিবাদীরা দেশের মানুষকে বিভ্রান্ত করতে লুটপাটের টাকা খরচ করে এই পরিকল্পিত মিথ্যাচার করছে। জনগণকে সত্যটা জানানোর মধ্য দিয়ে মিথ্যাকে পরাভূত করতে হবে।’
বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হাজারও মানুষ প্রাণ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আলেম সমাজ, ছাত্র, আপামর জনতা নির্যাতিত-নিপীড়িত হয়েছেন। জুলাই সনদের প্রতিটি অক্ষর সেই শহীদদের রক্তেই রচিত হয়েছে। সেইসব শহীদের রক্তের দায় আমরা যেন ভুলে না যাই।’
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ অন্যরা। সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইমামরা অংশ নেন।
আলী রীয়াজ বলেন, ‘যে প্রতিশ্রুতি আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, চব্বিশের গণঅভ্যত্থানে ছিল, সেই ভবিষ্যতের বাংলাদেশ আমরা চাই কিনা তা নির্ধারণেই এবারের গণভোট।’
গণভোটে সরকারের তরফে প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ বলেন, ‘জনগণ গণভোটে সংস্কারের পক্ষে সম্মতি দিলে সরকারের অর্থিক বিষয়াদি তদারকির জন্য সংসদে বিরোধী দলের নেতৃত্বে একাধিক কমিটি গঠন করা সম্ভব হবে।’
ফ্যাসিবাদী গোষ্ঠী গণভোটকে ঘিরে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, ‘গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে আমরা এখানে এসেছি। জুলাই সনদ আমাদের জাতির ভবিষ্যত গড়ার একটি স্থায়ী দলিল। এই সত্যটি জনগণকে বোঝালে মিথ্যা এমনিতে বিলীন হয়ে যাবে।’
ধর্ম সচিব মো. কামাল উদ্দিন উপস্থিত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গণভোটের আয়োজন করা হয়েছে বান্দার হক, মজলুমের হক তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিগত আমলে শত অত্যাচার- নির্যাতন করেও আলেমদের সত্য বলা থেকে বিরত রাখা যায়নি। আমি বিশ্বাস করি, আপনারা ভূমিকা রাখলে সকল ভোট “হ্যাঁ” -এর পক্ষেই পড়বে।’
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অতিথিরা গণভোট নিয়ে আলেমদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


