খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ফেরির ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার ৭ দিন পর রাকিব খান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাকিব খান রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার কাতিয়াংলা গ্রামের কাজীবাছা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিখোঁজ পরিবারের দেওয়া বর্ণনার ভিত্তিতে এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন।
রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


