রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) এবং মো. সবুজ ওরফে ইমন (২৫)। রোববার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে খিলগাঁও থানাধীন শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, দুই ব্যক্তি একটি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে ওই এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সাফায়েত ও সবুজকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্রগুলো নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সাফায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক সংক্রান্ত মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে, সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


