খালেদা জিয়ার জন্য বিশ্বনেতাদের শোক ও শ্রদ্ধা

খালেদা জিয়ার জন্য বিশ্বনেতাদের শোক ও শ্রদ্ধা
ছবি: বিএনপির ফেসবুক পেজ
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ বিশ্বনেতারা।

ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় শোক জানিয়ে বলেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত।

তার পরিবার ও বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দেন।’

২০১৫ সালে খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ। ছবি: নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশ উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরদিন স্মরণীয় থাকবে উল্লেখ করে তার সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাতের কথা স্মরণ করেন মোদি।

২০১৫ সালে নরেন্দ্র মোদি ঢাকা সফরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করে বলেন, ‘আমরা আশা করি, তার চিন্তা ও আদর্শ আমাদের অংশীদারত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। তার আত্মার শান্তি কামনা করি।’

২০১৫ সালে খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ। ছবি: নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল

পাকিস্তান

বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদানের কথা জানিয়ে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘খালেদা জিয়া পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার মৃত্যুতে আমরা ব্যথিত। পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের এই সময়ে তাদের পাশে আছে। খালেদা জিয়ার জন্য আমরা প্রার্থনা করি, মহান আল্লাহ তাকে শান্তি দিন।’

ছবি: শেহবাজ শরিফের এক্স হ্যান্ডেল থেকে নেওয়া

চীন

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বার্তায় লি কিয়াং খালেদা জিয়াকে একজন অভিজ্ঞ রাজনীতিক এবং চীনা জনগণের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করেন।

এছাড়া ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়ে শোক জানিয়েছেন। দূতাবাসের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত চিঠিতে তিনি তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত এবং আপনার প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।’

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক চিঠিতে দেশটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে খালেদা জিয়ার সক্রিয় সমর্থন ছিল। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন চীন ও বাংলাদেশ দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থ রক্ষায় সহযোগিতা ও অংশীদারত্ব প্রতিষ্ঠা করে।’

আরও পড়ুন

চীনের রাষ্ট্রদূতের চিঠি। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে চিঠিতে আরও বলা হয়, বেইজিং-ঢাকা সম্পর্কের উন্নয়নে দুই দেশের প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়াসহ বাস্তবসম্মত সহযোগিতা গভীর করা এবং দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্র

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়। এতে বলা হয়, খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।

ছবি: যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজ থেকে নেওয়া।

জার্মানি

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী সরকারপ্রধান, সাবেক ফার্স্ট লেডি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকার জার্মান দূতাবাস।

ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জার্মান সরকার তার সঙ্গে দীর্ঘ সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করছে।

২০০৪ সালে ঢাকায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী যোশকা ফিশারের সফরের সময় তার সঙ্গে বৈঠক এবং ২০১১ সালে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের রাষ্ট্রীয় সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথাও শোক বার্তায় তুলে ধরা হয়। এছাড়া খালেদা জিয়া বিভিন্ন সময়ে জার্মানির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়।

দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে জার্মান দুতাবাস বাংলাদেশ গঠনে খালেদা জিয়ার অবদানকে সম্মান জানিয়ে এবং তার পরিবার, দল ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।

কানাডা 

খালেদা জিয়ার প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশে কানাডার হাইকমিশন। ফেসবুক পেজে দেওয়া ওই বার্তায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে সৃষ্টিকর্তার প্রতি শক্তি ও সাহসের প্রার্থনা করা হয়।

ফ্রান্স 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রথম নারী সরকারপ্রধান খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে ফরাসি দূতাবাস।

ফেসবুকে দেওয়া এক বার্তায় বলা হয়, খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই শোকের সময়ে ফ্রান্স তার পরিবার, তার দল এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। তার চিরস্থায়ী অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ফ্রান্স দূতাবাসের শোক বার্তা।

যুক্তরাজ্য 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে শোক জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। শোকবার্তায় বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সময়ে আমরা খালেদা জিয়ার পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

ব্রিটিশ হাইকমিশনের শোকবার্তা।

জাতিসংঘ

জাতিসংঘের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয়েছে। ফেসবুকে দেওয়া শোকবার্তায় খালেদা জিয়ার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

জাতিসংঘের শোকবার্তা।

ইউরোপীয় ইউনিয়ন 

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ শোক জানানো হয়।

মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ৩০ নভেম্বর ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর