বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে। মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
শনিবার সকালে শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতের পর এসব কথা বলেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, ‘খালেদা জিয়া যে আদর্শ, নৈতিকতা, অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, সেই আদর্শ অনেক উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা তার দেখানো পথ ধরেই এগিয়ে যাব। জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, সব সহযোগী সংগঠন এবং দেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে।’
‘খালেদা জিয়ার দেখানো পথে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারব, দেশের পতাকা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারব। তিনি যে যন্ত্রণা, অত্যাচার সহ্য করে দেশের পতাকার মান রেখেছিলেন সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে এগিয়ে যাব’, যোগ করেন রিজভী।
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের প্রদর্শিত পথে দেশকে এগিয়ে যাবেন প্রত্যাশা করে রিজভী বলেন, ‘আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব যার জন্য খালেদা জিয়া ৪৫ বছরের বেশি লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন।’
‘ভুল চিকিৎসা দিয়ে খালেদা জিয়াকে পথিবী থেকে সরিয়ে দেওয়ার অশুভ চক্রান্ত হয়েছে’ দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে নিপীড়ন-নির্যাতন করেছে। কিন্তু অটুট মনোবল, আত্ম সংগ্রাম, ধৈর্য, সাহস ও দঢ় প্রত্যয় দিয়ে তিনি প্রমাণ করেছেন যেকোনো হুমকির মুখে তাকে তার মাটি থেকে সরানো যাবে না।’
শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতত্বে নেতা-কর্মীদের নিয়ে রিজভী খালেদা জিয়ার কবরে যান এবং পুস্পস্তবক অর্পণ করেন। পরে নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের অংশ নেন নেতা-কর্মীরা।


