ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ।
রাজধানী ঢাকার রামপুরা, বনশ্রী, বাড্ডা ও আশপাশের এলাকা নিয়ে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান সরে দাঁড়িয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে ঢাকার ২০টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং অফিসাররা।
ঢাকা-০৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির পক্ষ থেকে ‘শাপলা কলি’ প্রতীকে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাইয়ে বৈধতা পাওয়ায় নির্বাচন কমিশনকে স্বাগত জানান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রথমে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিলেও গত ২৯ ডিসেম্বর দুপুরে তিনি ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
মূলত জামায়াতে ইসলামীর সঙ্গে কৌশলগত জোটের পর দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আসন পরিবর্তন করেন তিনি।


