ইরানে হামলা চালিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ইরাকের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করছেন শিয়া অনুসারীরা। এ সময় বিক্ষোভকারীরা দূতাবাস ঘিরে ফেলার চেষ্টা করলে তাদের প্রতিহত করার চেষ্টা করে ইরাকের সরকারি নিরাপত্তা বাহিনী।
এতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয় বলে জানিয়েছে আল জাজিরা। রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাসের কাছে রোববার সকালে এ ঘটনা ঘটে।
আল জাজিরার খবরে বলা হয়, বিক্ষোভকারীরা সব বাধা ভেঙে মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। তাদের হাতে ইরান ও খামেনিপন্থী পতাকা দেখা যায়। সেই সঙ্গে স্লোগান দিয়ে খামেনির মৃত্যুতে তারা শোক জানান।
আল জাজিরার সংবাদদাতার পাঠানো ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা একটি রাউন্ডঅ্যাবাউটে (গোল চত্বর) যানবাহন আটকে দেওয়ার চেষ্টা করছেন। ওই গোল চত্বরের সামনে দিয়েই গ্রিন জোনে মার্কিন দূতাবাসের প্রবেশপথে যেতে হয়।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানান ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সাদর।
এক বিবৃতিতে ‘দুঃখ ও শোক’ জানিয়ে ইরাক জুড়ে তিনদিনের সরকারি ও সাধারণ শোক পালন করার ঘোষণা দিয়েছেন তিনি।


