আসছে ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে ’টিফিন বক্স’। এটি চরকি ফ্ল্যাশ ফিকশন কনটেন্ট। ৯ ফেব্রুয়ারি রাত ১২টা (১০ ফেব্রুয়ারি) থেকে সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্রটি দেখা যাবে । রাকায়েত রাব্বির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক, প্রান্তর দস্তিদার।
‘টিফিন বক্স’ নাম শুনেই ধারণা করা যাচ্ছে যে গল্পে খাবারের সংযোগ আছে। নির্মাতা বলেন, ‘খাবার বা টিফিন বক্সের মাধ্যমে প্রেমের গল্প বলাটা খুব নতুন কিছু নয়, কিন্তু বাঙালি সংস্কৃতিতে ‘খাওয়ানো’ বা ‘খাবার ভাগ করে নেওয়া’ হলো ভালোবাসার সবচেয়ে আদিম ও বিশুদ্ধ প্রকাশ বা বলতে পারেন এর বিকল্পও নেই। আমি এই গল্পে টিফিন বক্সকে কেবল মাধ্যম হিসেবে ব্যবহার করিনি বরং এটি গল্পের নাগরিক জীবনকে এক সপ্নের জগতে নিয়ে যেতে সাহায্য করে।’
খাবারের ব্যাপার যখন আছে, গল্পের চরিত্রদের রান্নাও করিয়ে থাকতে পারেন পরিচালক। অভিনেতা প্রান্তর দস্তিদার জানালেন, হ্যাঁ, তাকে রান্না করিয়েছেন নির্মাতা । তিনি বলেন, ‘চরিত্রটি রান্না করতে ভালোবাসে, মানুষকে খাওয়াতে ভালোবাসে। অর্থাৎ চরিত্রটি সার্ভ করতে ভালোবাসে। আর ভালোবাসাটাও তো সার্ভ করার মতোই। আমার চরিত্রটি এই ধরনের। বাকিটা কনটেন্টে দেখতে হবে।’
রুকাইয়া জাহান চমক অভিনীত চরিত্রটিকে ’টিফিন বক্স’ গল্পে রান্না করতে দেখা না গেলেও বাস্তব জীবনে চমক কাজটি করেন এবং পছন্দের মানুষদের রান্না করে খাওয়াতে ভালোবাসেন। গল্পে তার চরিত্রটি উচ্ছ্বল একজন নারীর, স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন। কারও সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়াতে চান না। চমক বলেন, ‘চরিত্রটি অনেক আনন্দে বাঁচতে চায়, কোনো পিছুটান রাখতে চায় না। কিন্তু সেই চরিত্রটিকেই একসময় বলতে হয় ”সৃষ্টিকর্তা এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন, যাদের প্রেমে না পড়ে থাকা যায় না”। মিতু নামের এই চরিত্রটিকে সবাই পছন্দ করবে।’
‘টিফিন বক্স’–এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারমিন সুলতানা শর্মী, টুনটুনি সোবহান। চরকি ফ্ল্যাশ ফিকশন প্রযোজনা করেছে আলফা–আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
এখন পর্যন্ত ৫টি ফ্ল্যাশ ফিকশন মুক্তি পেয়েছে চরকিতে। সেগুলো হলো, ’খুব কাছেরই কেউ’, ’অন্ধ বালক’, ’গ্যাড়াকল’, ’পারফেক্ট ওয়াইফ’ এবং ’থার্সডে নাইট’।


