‘খরচপাতি দিলে মামলা হালকা-পাতলা করুম, না দিলে প্যাঁচ লাগামু’

‘খরচপাতি দিলে মামলা হালকা-পাতলা করুম, না দিলে প্যাঁচ লাগামু’
মো. তাজুল ইসলাম। ফাইল ছবি
Advertisement
Advertisement

গাজীপুরের শ্রীপুর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলামের বিরুদ্ধে একটি মানহানি মামলার আসামির কাছে ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে।

মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আসামিকে ফোন করে তিনি বলেন, ‘খরচপাতি দিলে মামলা হালকা-পাতলা করুম। না করলে কিন্তু প্যাঁচগী বাজাইয়া দিব।’ সম্প্রতি ১ মিনিট ১৯ সেকেন্ডের এমন একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে।

জানা যায়, গত ২৩ এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলী গ্রামের মো. হযরত আলী গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা করেন। মামলাটিতে মোট সাতজনকে আসামি করা হয়, যার মধ্যে ৩ নম্বর অভিযুক্ত হলেন মো. জাকির মোড়ল।

মামলাটির তদন্তের দায়িত্ব পান শ্রীপুর থানার এসআই মো. তাজুল ইসলাম। সম্প্রতি ওই মামলার আসামি জাকির মোড়লের সঙ্গেই তদন্ত কর্মকর্তা তাজুল ইসলামের এই কথোপকথন হয়।

আরও পড়ুন

ফাঁস হওয়া অডিওতে এসআই তাজুল ইসলামকে আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, ‘যোগাযোগ করলে মামলা কোর্টে গেলে শেষ হয়ে যাবে। আমার সঙ্গে সরাসরি কথা বলতে বল।’

কথোপকথনের সময় আসামি জাকির মোড়ল বারবার নিজেকে নির্দোষ দাবি করলে দারোগা ক্ষিপ্ত হয়ে বলেন, ‘তুমিও যোগাযোগ কর, তুমিও কিছু কর।’ জবাবে জাকির মোড়ল বলেন, ‘ভাই, আপনি তো তদন্ত করে দেখছেন এখানে আমার কোনো দোষ নেই।’

অবশ্য ঘুষ দাবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এসআই মো. তাজুল ইসলাম। তার দাবি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার ছবি ও কণ্ঠ নকল করে এটি তৈরি করা হয়েছে এবং তিনি আসামির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। তবে এক সাংবাদিককে কেন টাকা দিতে চেয়েছিলেন–এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শুধু দুপুরে খাওয়ার জন্য তিনি কিছু টাকা দিতে চেয়েছিলেন।

এই বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম জানান, বিষয়টি তারা ইতিমধ্যে জানতে পেরেছেন এবং তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর