ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি এবং প্রধান সড়কগুলো প্রশস্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার দুপুরের পর নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর ইসিবি চত্বরে এক পথসভায় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকাকে এমন একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলা হবে, যেখানে মানুষ স্বস্তিতে শ্বাস নিতে পারবে।
তিনি বলেন, এসব মাঠ তৈরির লক্ষ্য হলো শিশুদের খোলা জায়গায় খেলাধুলার সুযোগ তৈরি করা এবং বয়স্ক মানুষ ও নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হাঁটার পরিবেশ নিশ্চিত করা।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ইসিবি চত্বর থেকে জসিমউদ্দীন সড়ক পর্যন্ত বিদ্যমান সড়কটি প্রশস্ত করা হবে এবং মানুষের সহজ যাতায়াত ও উন্নত জীবনযাপনের কথা বিবেচনায় নিয়ে এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে।
বক্তব্যের শেষ দিকে তিনি নিজেকে ওই এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন, ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছেন এবং ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি ভোটারদের সমর্থন চান।
এদিন নির্বাচনী প্রচারে তিনি ইসিবি চত্বরের পাশাপাশি ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় ফটক, ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেবেন।


