এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘যারাই ভোট চাইতে আসবে তাদের সবাইকে হাদি হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে।’
বুধবার কুমিল্লার দেবীদ্বার নিউমার্কেট চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি পদযাত্রায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।
এগারো দলীয় জোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন আসিফ মাহমুদ। তিনি জানান, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে এরইমধ্যে সব ধরনের কার্যক্রম শেষ করা হয়েছে।
ফ্যাসিবাদ পতনের পর গত ১৭ মাসে দেশে আরেকটি দল নিপীড়ন শুরু করেছে দাবি করে আসিফ মাহমুদ বলেন, জুলাই আন্দোলনে দেবীদ্বার উপজেলা থেকে ১১ জন শহীদ হয়েছেন। আওয়ামী আমলে গুম, খুন, হত্যাসহ সব ধরনের জুলুম হয়েছে। বর্তমানে একটি দল ক্ষমতায় না গিয়েও একই আচরণ করছে।
এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় এলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে এই এনসিপি নেতা বলেন, ‘যে তরুণরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারো দয়ার উপর নির্ভরশীল হতে পারে না। জামায়াত-এনসিপি জোট ক্ষমতায় গেলে তরুণদের সম্মানজনক কাজ দিয়ে সম্মানিত করবে।
আসিফ মাহমুদ বলেন, একটি বড় দলের নেতারা উপরে উপরে ভালো কথা বলছে। কিন্তু তাদের এক নেতা নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সেই দলের নেতারা এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীদের উপর বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলাও করছে।
পথসভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, দলের যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম ও মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।


