চরাঞ্চলের ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে কোস্ট গার্ড

চরাঞ্চলের ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে কোস্ট গার্ড
ঢাকা জোনের বাংলাদেশ কোস্ট গার্ডের সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপকূলীয় চরাঞ্চলের ৩৯টি ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ কোস্ট গার্ড। এর মধ্যে চাঁদপুর জেলার মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলার ২২টি ভোটকেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাঁ বাজারে বাংলাদেশ কোস্ট গার্ডের অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কোস্টগার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিন বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ দল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে এবং করবে।

এর ধারাবাহিকতায় ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জের ১৭টি এবং চাঁদপুর জেলার ২২টিসহ মোট ৩৯টি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সময় অন্তর্বর্তীকালীন সরকার একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করেছে উল্লেখ করেন ইমতিয়াজ হোসেন। তিনি বলেন, গণভোটের বিষয়টি জনগণের কাছে পৌঁছে দিতে কোস্ট গার্ড তাদের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন বয়স, পেশা ও শ্রেণির নারী-পুরুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

কমান্ডার আশ্বস্ত করে বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এ ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কোস্ট গার্ড জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার শওকত আহমেদ, ইব্রাহিমপুর স্টেশনের প্লাটুন কমান্ডার লে. কমান্ডার রাফায়েল মনোয়ার উৎসবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঈদগাঁ বাজার এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad