কুষ্টিয়া সদর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক ফরিদপুর সদর উপজেলার আনিচুর রহমান আনিস ও তার সহকারী রতন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে চালক আনিচুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ায় তার মরদেহ উদ্ধারে কিছুটা সময় লাগে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’


