কুষ্টিয়ার খোকসায় নানা বাড়ির পাশে পরিত্যক্ত ইটভাটার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কনিকা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মোড়াগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনিকা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীশংকপুর গ্রামের বিপুল আলীর মেয়ে। সে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ঈদ উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে মোড়াগাছা গ্রামে নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে এসেছিল সে।
নিহত শিশুর মামা মিলন হোসেন জানান, ঈদের পরের দিন তার বোন মিনা ও ভগ্নিপতি বিপুল আলী দুই সন্তানসহ তাদের বাড়িতে বেড়াতে আসেন। রোববার বেলা ১২টার দিকে ভাগ্নি কনিকা ও প্রতিবেশী শিশু রবিন (বরিন) বাড়ির পাশের একটি পরিত্যক্ত ইটভাটার পুকুরে গোসল করতে নামে।
এক পর্যায়ে কনিকা পানিতে ডুবে গেলে সঙ্গে থাকা শিশুটি বাড়ি ফিরে খবর দেয়। পরে স্থানীয়রা পুকুরের গভীর পানি থেকে কনিকাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সবুজ সায়েম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। ফলে তাকে চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ পাওয়া যায়নি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


