কুষ্টিয়ার ভেড়ামারায় ছাত্রদল নেতাকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ তিনজন আহত হয়েছেন। ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন–কাচারীপাড়া এলাকার যুবদল সদস্য ফরিদ হোসেনের ছেলে জীবন হোসেন এবং একই এলাকার গোলাম কিবরিয়ার ছেলে ও ছাত্রদলের সদস্য কাইছার আহমেদ।
আহত চঞ্চল জানান, বুধবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে জাসদ নেতা ছাদু, ওসামা, মাটি ও নিতুলসহ কয়েকজন তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করেন তিনি।
এ সময় আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম জানান, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে চঞ্চল (২৬) নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথার পেছনে গুলি চামড়া ছুঁয়ে বেরিয়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দক্ষিণ রেলগেট এলাকায় মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


