কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকাল ৪টার দিকে উপজেলার বলদাখাল এলাকার পশ্চিম মাইজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সূত্র জানায়, আগুনে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
মঙ্গলবার ভোরে পশ্চিম মাইজপাড়ার তিনতলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে বলে জানান দাউদকান্দি ফায়ার স্টেশনের ইন্সপেক্টর এরশাদ হুসাইন।
তিনি বলেন, ‘গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’


