কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নামে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।
এদিন দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জলালে ঘটনাস্থলে নিহত হন নয়ন ও আব্দুর রাজ্জাক। গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এলাকাবাসী জানিয়েছে, ২০২৫ সালের ৩ আগস্ট সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সালেহ আহম্মদ নিহত হন। সেই ঘটনার পর গ্রামে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে অনেক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সম্প্রতি সেনাবাহিনীর মধ্যস্থতায় ওই পরিবারগুলো গ্রামে ফিরে এলে আবারও উত্তেজনা দেখা দেয়। এরই জেরে আজকের এই সংঘর্ষ ঘটে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছি।’
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। গ্রামের পরিস্থিতি শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।


