ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু।
রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে কিয়েভের সামরিক প্রশাসন।
টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় প্রশাসন জানায়, ‘সবার চিকিৎসা চলছে, কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তবে এর বেশি কোনো তথ্য কিয়েভের পক্ষ থেকে জানানো হয়নি।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো রয়টার্সকে জানান, হামলায় দুটি উঁচু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ভবনগুলো সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকি ভূপাতিত অস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ব্যাপকতাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রায় দেড় ঘণ্টা ধরে কিয়েভ ও আশপাশের এলাকায় বিমান হামলা সতর্কতা জারি ছিল। স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় তা প্রত্যাহার করা হয়।
২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু পর থেকে দুই পক্ষই একে অন্যের ভূখণ্ডে হামলা চালিয়ে বেসামরিক লোকজনের ক্ষতি করার বিষয়টি অস্বীকার করে আসছে। তবে রাশিয়ার এই আগ্রাসনে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ইউক্রেনের নাগরিক।


