কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। দুর্নীতির দায়ে গত সেপ্টেম্বর থেকে এক বছরের কারাদণ্ড ভোগ করছিলেন ৭৬ বছর বয়সী টেলিকম খাতের এই বিলিয়নিয়ার।
এএফপির খবরে জানা যায়, মুক্তির পর চার মাসের মেয়াদে তাকে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র (ইলেকট্রনিক মনিটর) পরতে হবে।
ব্যাংককের কারাগার থেকে বের হয়ে পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন থাকসিন। এসময় সেখানে জড়ো হয় তার শত শত সমর্থক। তাদের অধিকাংশের গায়ে ছিল থাকসিনপন্থীদের পরিচিত লাল শার্ট। কেউ কেউ ‘উই লাভ থাকসিন’ বলে স্লোগান দেন।
হাসিমুখে সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান থাকসিন। তবে মুক্তির পর কারাগারের বাইরে থাকা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। পরে গাড়িতে করে সেখান থেকে চলে যান।
দুই দশক ধরে থাইল্যান্ডের সামরিকপন্থী ও রাজতন্ত্রঘনিষ্ঠ অভিজাত গোষ্ঠীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত থাকসিনের রাজনৈতিক বলয়। ঐতিহ্যগত সামাজিক কাঠামোর জন্য তার জনতাবাদী রাজনীতিকে হুমকি হিসেবে দেখে দেশটির রক্ষণশীল এলিটরা।
থাকসিনের পিউ থাই পার্টি এবং এর আগের সংস্করণগুলোকে বিবেচনা করা হয় ২১ শতকে থাইল্যান্ডের সবচেয়ে সফল রাজনৈতিক শক্তি হিসেবে। সিনাওয়াত্রা পরিবার থেকেই এখন পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছেন চারজন। তাছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর বড় অংশের সমর্থন পেয়েছে দলটি।
তবে ফেব্রুয়ারির নির্বাচনে পিউ থাই তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করে তৃতীয় স্থানে নেমে যায়। এতে থাকসিনের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে প্রশ্ন দেখা দেয়।
তারপরও রক্ষণশীল প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন জোট সরকারে পিউ থাইয়ের অংশগ্রহণ থাকসিনের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খোলা রেখেছে।
২০০১ সালে প্রথমবার এবং ২০০৫ সালে দ্বিতীয়বার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন থাকসিন। দ্বিতীয় মেয়াদে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি স্বেচ্ছানির্বাসনে চলে যান।
২০২৩ সালের আগস্টে থাইল্যান্ডে ফেরার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে কারাগারে না নিয়ে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে একটি বেসরকারি হাসপাতালের কক্ষে রাখা হয়।
গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দেন, থাকসিন কোনো গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন না। ফলে হাসপাতালে কাটানো সময়কে সাজাভোগ হিসেবে গণ্য করা যাবে না। এরপর তাকে এক বছরের সাজা ভোগের জন্য কারাগারে পাঠানো হয়।
গত মাসে থাইল্যান্ডের কারা কর্তৃপক্ষ থাকসিনের প্যারোল মঞ্জুরের ঘোষণা দেয়। বয়স্ক বন্দিদের আগাম মুক্তি কর্মসূচির আওতায় ৮৫০ জনের বেশি বন্দির একজন ছিলেন থাকসিন। বয়স এবং সাজা ভোগের মেয়াদ এক বছরের কম বাকি থাকাকে তার আগাম মুক্তির কারণ হিসেবে উল্লেখ করা হয়।


