প্রজন্ম থেকে প্রজন্মে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে কানাডার ক্যালগেরির ডেরা ব্যাংকুয়েট হলে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা ও বর্ষবরণ। বাঙালি সংস্কৃতির এই উৎসব সেদিন পরিণত হয় এক মহামিলনমেলায়।
আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করতে যোগ দিয়েছিলেন আলবার্টার প্রধান মন্ত্রী ড্যানিয়েল স্মিথ এবং ফিডব্যাক ব্যান্ডের সারা জাগানো কিংবদন্তি শিল্পী মাকসুদ। মাকসুদ এর বিখ্যাত সব গানে মুগ্ধ দর্শক।
মেলায় ছিল বাহারী রঙয়ের শাড়ী, বাংলার ঐতিহ্যময় খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন ধরণের স্টল। মূল আকর্ষণ ছিল বৈশাখী মঙ্গলশোভা যাত্রা।
কর্মময় একঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে প্রবাসী বাঙ্গালীরা মেতে উঠে আনন্দ উৎসবে। মধ্যরাত অবধি চলে অনুষ্ঠান। নারী পুরুষ আর শিশু—কিশোরদের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে।
বাঙালির চিরাচরিত আড্ডা আর লোকে লোকারণ্যে মুখরিত গানের সুরে, কবিতার ছন্দে, নাচের মুদ্রায় আর উপস্থাপনায় কোথাও যেন ঘটেনি ছন্দপতন।
প্রবাসে এই আয়োজন মাতৃভূমি এবং বাঙালির সাংস্কৃতিক চর্চার ধারাকে আরো সমৃদ্ধ করবে— এমন আশা আয়োজকদের।


