রাজধানীর মহাখালী-গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টা ১৯ মিনিটে আগুন লাগে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। প্রথমে কাজ শুরু করেছিল ৬টি ইউনিট। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ইউনিটের সংখ্যাও বাড়ানো হয়। সবশেষ রাত ৯টা ২২ মিনিটে একযোগে ২০টি ইউনিটের কাজ করার খবর পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত ৯টার পরেও আগুন জ্বলতে দেখা গেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, যানজটের কারণে পানির গাড়িগুলো অনেক দূরে রয়েছে। যে গাড়িগুলো কাছাকাছি আসতে পেরেছিল সেগুলোর পানি শেষ হয়ে যাওয়ায় বস্তির পাশের খাল থেকে মোটরের মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়েছে। এখন সেই পানি ব্যবহার করেই আগুন নেভানোর চেষ্টা চলছে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, বস্তির বেশ বড় অংশজুড়ে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে।
এর আগে, সবশেষ গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সেই দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ঢাকার অন্যতম পুরোনো এই বস্তির আয়তন প্রায় ৯০ একর। যেখানে অন্তত ৮০ হাজার মানুষ বসবাস করেন। সরু গলিপথ ও ঘিঞ্জি ঘরবাড়ির কারণে কড়াইল বস্তিতে আগুন লাগলে প্রতিবারই তা নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।


