কক্সবাজারে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদ ছাবের।
মৃত শিশু আরফান (১৩ মাস) উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা নবী হোছনের ছেলে।
সিভিল সার্জন জানান, গত বুধবার জ্বর, কাশি, খিঁচুনি, নিউমোনিয়া এবং রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণসহ হামের উপসর্গ নিয়ে আরফানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শিশুটি মারা যায়।
মোহাম্মদ ছাবের বলেন, ‘সারাদেশে হামের প্রাদুর্ভাবের শুরুতে কক্সবাজারে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক ছিল। তবে গত এক মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার কমছিল। এর আগে গত ২১ জুন হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ১৩ দিন পর আবারও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হলো।’
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত কক্সবাজারে হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ১৬৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন।


