কক্সবাজারে মাদকদ্রব্য ইয়াবা পাচারের দায়ে দুজনের মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে তিনজন রোহিঙ্গা।
মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর মোস্তফা ও কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার সোনা মিয়া।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুজন হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুল গফুর (৩৫) ও মো. আইয়ুব প্রকাশ তৈয়ব।
একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার আবদুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ২ মার্চ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা, একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে।
পরে রামু থানায় অপরাধ তদন্ত বিভাগের (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
সিরাজুল ইসলাম আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত অভিযোগ গঠন শেষে বিচার কার্যক্রম শুরু করেন। বিচারিক কার্যক্রম শেষে দুজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়।
সিরাজুল ইসলাম বলেন, রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত চারজন পলাতক রয়েছেন।


