হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অবরুদ্ধসহ আহত হয়েছেন ১০ জন।
হামলাকারীরা মাসউদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দলের কয়েকজনকে অবরুদ্ধ করে রাখে। এসময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালায় তারা।
বুধবার দুপুরে হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ায় চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকা পরিদর্শনে গেলে এ হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হান্নান মাসউদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িতে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলাকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা আমাদেরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এলোপাতাড়ি গুলি চালিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং পাঁচ জনের বেশি মানুষকে অবরুদ্ধ করে রাখে। আমার গাড়ি বহরে থাকা দশটির বেশি মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর করে।’
পুলিশের উপস্থিতিতে তারা এ হামলা চালালেও পুলিশ কোন ব্যবস্থা নিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় হামলার ঘটনায় বিচারের দাবিতে হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কের ওপর বসে পড়েন। ঘটনার পর থেকেই থেমে থেমে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিষয়টি শুনে সেখানে অতিরিক্ত পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।


