পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি। সোমবার সবশেষ তথ্য অনুযায়ী ২০৮ আসনে এগিয়ে আছে বিজেপি। যেখানে মাত্র ৭৯ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।
জয় অনেকটা নিশ্চিত জেনে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ‘বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে। তবে এবার বদলা নয়, বদল। গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক। এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয়।’
এ সময় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
মোদী বলেন, পশ্চিমবঙ্গে এই প্রথম বার ভয় নয়, লোকতন্ত্র জিতল। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। আজ থেকে বাংলা ভয়মুক্ত হলো।’

তিনি জানান, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেল।
তিনি আরও জানান, বিহারে ভোটের ফলের দিনই তিনি বলেছিলেন যে, গঙ্গা বিহার হয়ে গঙ্গাসাগরে যায়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি লেখেন, ‘২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।’
মোদি লেখেন, ‘বাংলার মানুষ বিপুল ভোটে বিজেপিকে জয়ী করেছে। আমি তাদের আশ্বাস দিচ্ছি, বিজেপি মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সবকিছু করবে। আমরা এমন এক সরকার দেব, যা সমাজের সব স্তরের মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।’ সূত্র: আনন্দবাজার


