দীর্ঘদিন পর আবারও এক নাটকে দেখা যাবে দেশের তিন বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুরকে। রাহাত কবিরের রচনা ও পরিচালনায় নির্মিত ‘দাদি ভয়ংকর’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।
এর আগে বহু বছর আগে আবুল হায়াতের রচনা ও পরিচালনায় নির্মিত ‘শেষ পত্র’ নাটকে একসঙ্গে কাজ করেছিলেন দিলারা জামান, ডলি জহুর, প্রয়াত শর্মীলি আহমেদকে এবং চিত্রলেখা গুহ। সেই স্মৃতিকে সঙ্গে নিয়েই নতুন নাটকটি ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পীরা।
সমসাময়িক গল্পনির্ভর ‘দাদি ভয়ংকর’-এ ইন্টারনেট ও আধুনিক প্রযুক্তির ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রযুক্তির সচেতন ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে নাটকের কাহিনিতে।
নির্মাতা রাহাত কবির বলেন, তিনজন কিংবদন্তি শিল্পীর সময় একসঙ্গে মেলানো ছিল বেশ চ্যালেঞ্জের। তবে তাদের আন্তরিক সহযোগিতায় কাজটি সম্পন্ন হয়েছে, যা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।
আবুল হায়াতের মতে, বর্তমান সময়ে সিনিয়র শিল্পীদের নিয়ে একক নাটক নির্মাণ খুব একটা দেখা যায় না। তাই এমন একটি গল্পে কাজ করতে পেরে তিনি আনন্দিত।
দিলারা জামান বলেন, প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করলেও এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। নাটকের মাধ্যমে সেই বার্তাই দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কাজের সময় বারবার ‘শেষ পত্র’-এর স্মৃতিও মনে পড়েছে তার।
ডলি জহুর জানান, বহু বছর পর আবুল হায়াত ও দিলারা জামানের সঙ্গে আবার কাজ করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। একই সঙ্গে তিনি প্রয়াত শর্মিলী আহমেদের স্মৃতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
নাটকটিতে দাদির চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। আবুল হায়াতকে দেখা যাবে রাইসুল চরিত্রে এবং ডলি জহুর অভিনয় করেছেন মর্জিনা চরিত্রে। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন নাদের চৌধুরী, করবী মিজান, আরশ খান ও ঊর্বী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘দাদি ভয়ংকর’।


