রাজধানীর খিলক্ষেতে নিখোঁজ হওয়ার একদিন পর চার বছর বয়সী শিশু মাহাদির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় খিলক্ষেত জামতলা এলাকার একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোরহাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি পরিবারের সঙ্গে জামতলা এলাকায় বসবাস করত এবং মঙ্গলবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তিনি আরও জানান, শিশুটি যে এলাকায় খেলাধুলা করত, তার পাশের একটি জলাশয় থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার চোখ ফোলা ছিল।
তিনি জানান, ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব দিক বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

