বুধবার কাছাকাছি সময়েই শুরু হয়েছিল দুটো ম্যাচ। চট্টগ্রামে দুপুর ২টায় শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৪ উইকেটে। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে লিডসে শুরু হওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সেখানেও চট্টগ্রামের মতো একই চিত্র। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭৭ রান তুলে ৯ উইকেটে ম্যাচ হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা।
নেদারল্যান্ডসকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরাক্রমশালী অজিদের কাছে পাত্তা পেল না বাংলাদেশের মেয়েরা। অবশ্য ৭৭ রানের পূঁজি নিয়ে এই আধুনিক যুগের টি-টোয়েন্টিতে লড়াইটাই বা কোথায় করা যায়? ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে বেথ মুনির উইকেট নেন পেসার মারুফা আক্তার। অজিদের বিপক্ষে ২০ ওভার টিকে থাকার পর ম্যাচে এটাই দ্বিতীয় সাফল্য। বাকি রাস্তাটুকু পেরোতে অবশ্য সময় নেননি অস্ট্রেলিয়ার দুই ব্যাটার এলিস পেরি ও ওপেনার জর্জ ভোল। ভোলের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৫ রানের ইনিংস। আগের ইনিংসে ২ উইকেট নেয়া পেরি ম্যাচ সেরা হয়েছেন ১৯* রানের অপরাজিত থেকে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২৭ রানের মধ্যে প্রথম পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। ডাচদের বিপক্ষে দারুণ ফিফটি করা জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা করেন ৮ রান, আরেক ওপেনার দিলারা রানের খাতাই খুলতে পারেননি। সুপ্তা ৫, সোবহানার ব্যাট থেকে আসে ৪ রানের ইনিংস। বাকিদের ব্যর্থতার দিনে বরাবরের মতোই ব্যাট হাতে চেষ্টা করেছেন অধিনায়ক জ্যোতি। ৪৭ বলে ২৭ রান করেন এই ডানহাতি ব্যাটার, রিতু মনি খেলে ২৬ বলে ১৬ রানের ইনিংস।
দুটি করে উইকেট নেন সোফি মলিনোক্স, কিম গার্থ ও এলিস পেরি।


