সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) একীভূতকরণ প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যাংকটির কয়েকজন স্পন্সর শেয়ারহোল্ডার।
সম্প্রতি হাইকোর্ট ব্যাংকটির একীভূতকরণ নিয়ে রুল জারির পর এই নোটিশ পাঠানো হয়।
ব্যাংকের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ড. মো. রেজাউল হক এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়াসহ ছয় স্পন্সরের পক্ষে গত ১৫ অক্টোবর নোটিশটি পাঠান আইনজীবী মো. মাহমুদুল হাসান।
নোটিশে বলা হয়েছে, সোশ্যাল ইসলামী ব্যাংকের একীভূতকরণ এবং ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স, ২০২৫ এর কিছু ধারা চ্যালেঞ্জ করে রিট পিটিশন নং ১৬০০৯ হাইকোর্টে দায়ের করা হয়েছে।
বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি দিহিদার মাসুম কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির প্রাথমিক শুনানি নিয়ে রুল নিশি জারি করে। সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে সরকারকে জবাব দিতেও বলা হয়।
নোটিশে বলা হয়েছে, যেহেতু বিষয়টি এখন আদালতে বিচারাধীন, তাই সোশ্যাল ইসলামী ব্যাংককে অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করার প্রক্রিয়ায় আর অগ্রসর হওয়া যাবে না।
নোটিশে স্পন্সররা সরকার, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
রুল নিশি হলো হাইকোর্টের একটি প্রাথমিক আদেশ, যাতে সংশ্লিষ্ট পক্ষকে কারণ দর্শাতে বলা হয় যে কেন তাদের পদক্ষেপ অবৈধ ঘোষণা করা হবে না।


