একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা এবং ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায় বিক্রি হবে।
সংগঠনটি আরও জানায়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ক্রেতাকে সরকার কর্তৃক নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট অবশ্যই পরিশোধ করতে হবে। এ ছাড়াও, অলংকারের ডিজাইন ও মান অনুযায়ী কারিগরদের মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
এর আগে, ১০ জুন দেশের বাজারে সোনার দাম ভরি প্রতি ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছিল।
সোনার দামের পাশাপাশি রুপার দামও কমেছে। দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


