কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৫ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের জামতলি পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে এ অভিযান পরিচালনা করেন। ৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রাতে ক্যাম্প-১৫ এর এইচ-১ ব্লক সংলগ্ন এলাকায় রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতকারী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা অন্ধকারে পালিয়ে যায়।
পুলিশ সুপার আরও জানান, এরপর পাশের এনজিও সংস্থা ব্র্যাকের লার্নিং সেন্টারের উত্তর-পশ্চিম পাশে তল্লাশি চালিয়ে পুরনো সাদা গেঞ্জি দিয়ে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জামতলি পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রোহিঙ্গা ক্যাম্প এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও অস্ত্রবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।


